ট্রাইব্যুনালে ধরা দিলেন জামায়াত নেতা আযাদ, পরে কারাগারে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আযাদ সকালে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।
রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি বলেন, আযাদ আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে আযাদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুস সোবহান তরফদার, মতিউর রহমান আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জিয়াদ আল মালুম।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ট্রাইব্যুনালের বিষয়ে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি শাপলা চত্বরে সমালোচনা করে বক্তব্য দেন আযাদ। পরদিন তাঁর এই বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়। ৭ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। ওই বছররে ৯ জুন তাঁকে তিন মাসের কারাদণ্ড, তিন হাজার টাকা অর্থদণ্ডসহ রায় দেন ট্রাইব্যুনাল। এই রায়ের পর থেকেই আযাদ পলাতক ছিলেন।