ট্রাইব্যুনালে প্রথম যুদ্ধাপরাধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিশোরগঞ্জের দুই ব্যক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর প্রায় পৌনে ছয় বছরের মাথায় এই প্রথম ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হলো।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধের অভিযোগ এনে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সৈয়দ মো. হুসাইন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের মামলায় এবার প্রথম নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত, সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয়ত, জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তৃতীয়ত, এর আগে শুধু বিশেষ গোষ্ঠীর সদস্যদের হত্যাকে গণহত্যা (জেনোসাইড) হিসেবে দেখানো হয়েছে। এবার হত্যার পাশাপাশি ধর্ষণ বা ধর্মান্তরিত করাকেও গণহত্যা হিসেবে অভিযোগ আনা হয়েছে। চতুর্থত, এর আগে ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের হত্যাকে গণহত্যা দেখানো হলেও এবার জাতিগোষ্ঠীর সদস্যদের হত্যাকে গণহত্যার অভিযোগ হিসেবে আনা হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগ থেকে জানা যায়, হুসাইন ও মোসলেমের বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। এগুলোর মধ্যে এক যুদ্ধবন্দী মুক্তিযোদ্ধা আবদুল মালেককে হত্যার ঘটনাকে যুদ্ধাপরাধ অথবা জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ হিসেবে আনা হয়েছে। আর পাঁচটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার পাশাপাশি জেনেভা কনভেনশন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় ট্রাইব্যুনাল বা সর্বোচ্চ আদালতের রায়ে মুক্তিযুদ্ধকে ‘আন্তর্জাতিক সশস্ত্র যুদ্ধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সে ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময় জেনেভা কনভেনশন প্রযোজ্য। জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দীকে হত্যা করা যাবে না, মরদেহকে সম্মান দেখাতে হবে। কিন্তু এই মামলায় দেখা যায়, যুদ্ধবন্দী মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, দুজন মুক্তিযোদ্ধাকে হত্যার পর তাঁদের মরদেহকে অবমাননা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ বলেছে, মুক্তিযুদ্ধকালে সৈয়দ মো. হুসাইন (৬৪) ছিলেন নিকলীর রাজাকার কমান্ডার, তাঁর সহযোগী ছিলেন মোসলেম প্রধান (৬৬)। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর নিকলীর কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মোসলেমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হুসাইন এখনো পলাতক।