ট্রাইব্যুনালে মিছবাহুরের বক্তব্য নিয়ে ছয় আইনজীবীর বিবৃতি
সুপ্রিম কোর্টের ছয়জন জ্যেষ্ঠ আইনজীবী দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে দিয়ে বিদ্বেষপ্রসূত বক্তব্য দেওয়ানো হয়েছে। অভিযুক্ত পক্ষের মুখ্য আইনজীবী আবদুর রাজ্জাককে পেশাগত দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করাই এর লক্ষ্য। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে আইনজীবী টি এইচ খান, খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মোহাম্মদ নজরুল ইসলাম এ দাবি করেন। গত ২৬ আগস্ট মিছবাহুর রহমান চৌধুরী সাক্ষ্যের একপর্যায়ে ট্রাইব্যুনাল-১-এ বলেন, ‘ব্যারিস্টার আবদুর রাজ্জাক ১৯৭৪ সালে যুক্তরাজ্যের লন্ডনে আমার কাছে স্বীকার করেছেন, তিনি ১৯৭১ সালে আলবদর বাহিনীর একজন সদস্য ছিলেন।’বিবৃতিতে এই আইনজীবীরা বলেন, ট্রাইব্যুনালের উচিত ছিল মিছবাহুর রহমানের ‘অপ্রাসঙ্গিক ও বিদ্বেষপ্রসূত’ বক্তব্য রেকর্ডে লিপিবদ্ধ না করা। কারণ, অভিযুক্ত পক্ষের প্রধান কৌঁসুলি ট্রাইব্যুনালেরই অবিচ্ছেদ্য অংশ। তাঁরা দাবি করেন, আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি শক্তিশালী ডিফেন্স টিম গড়ে উঠেছে এবং তারা রাষ্ট্রপক্ষের আনা অভিযোগের কার্যকর জবাব দিচ্ছে। মিছবাহুর চৌধুরীর বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, তাঁর পদক্ষেপকে দুর্বল করা।