ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে অন্তর্দ্বন্দ্ব, অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীদের সম্পর্কে গণমাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য করা এবং পরে এ নিয়ে লিখিত অভিযোগের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অস্বস্তির মধ্যে আছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে চলে আসায় অনেক কৌঁসুলিই বিব্রত। এর মধ্যেই সোমবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নতুন করে যুক্তি উপস্থাপন করতে হবে।
৩ মার্চ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলীর বিরুদ্ধে তাঁর সহকর্মী তুরিন আফরোজ লিখিত অভিযোগ করেন। প্রধান কৌঁসুলি বরাবর ওই লিখিত অভিযোগে বলা হয়, ১ মার্চ একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আলী বলেছেন, তুরিন আফরোজ ‘ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন নন’ এবং ‘বিভিন্ন মামলা তাঁর অনাকাঙ্ক্ষিত সম্পৃক্ততায় বেশির ভাগ সহকর্মী অখুশি’। এ ছাড়া ওই সাক্ষাৎকারে মোহাম্মদ আলী নিজেকে ‘খাঁটি আওয়ামী লীগার’ দাবি করে বলেছেন, কৌঁসুলিদের মধ্যে একটি ‘বামপন্থী ব্লক’ রয়েছে যারা যথাযথভাবে কাজ করতে ‘ব্যাঘাত’ সৃষ্টি করছে। তুরিন আফরোজ ওই বামপন্থী ব্লকের। মোহাম্মদ আলীর এই ‘অপেশাদারি’ বক্তব্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তুরিন আফরোজ।
এ বিষয়ে তুরিন আফরোজ প্রথম আলোকে বলেছেন, ‘আমার বক্তব্য আমি লিখিতভাবে চিফ প্রসিকিউটরকে (প্রধান কৌঁসুলি) জানিয়েছি। বিষয়টি তিনি দেখছেন। তাই এ নিয়ে গণমাধ্যমে কিছু বলব না।’ মোহাম্মদ আলী বলেন, ‘আমি লিখিতভাবে চিফ প্রসিকিউটরকে অভিযোগের জবাব দিয়েছি। তাই এ নিয়ে কিছু বলতে চাই না।’
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, অভিযোগের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ৫ মার্চ প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ওই অভিযোগ আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি এ প্রসঙ্গে বলেন, ‘সহকর্মীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা কখনোই পেশাদারি আচরণ হতে পারে না। আবার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ করায় নিজেদের মধ্যে বিবাদই প্রকাশ্যে চলে এল। এটা খুবই দুঃখজনক।’
ওই ঘটনার পর থেকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অস্বস্তির মধ্যে আছেন। তবে এ মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিজামীর বিরুদ্ধে মামলা। এক দিন পর এই মামলায় রাষ্ট্রপক্ষকে আবার যুক্তি উপস্থাপন করতে হবে। প্রথম দফায় এই মামলায় ঘটনার বিষয়ে যুক্তি দেন মোহাম্মদ আলী, আর আইনগত বিষয়ে যুক্তি দেন তুরিন আফরোজ। তবে এবার কারা যুক্তি দেবেন, তা গতকাল শনিবার পর্যন্ত ঠিক করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রশাসন) জেয়াদ-আল-মালুম গতকাল প্রথম আলোকে বলেন, ‘কারা যুক্তি দেবেন, তা এখনো ঠিক হয়নি। রোববার ঠিক করা হবে।’ তবে মোহাম্মদ আলী বলেছেন, ‘আমিই যুক্তি দেব। তুরিন আফরোজ থাকবেন কি না, তা ঠিক হয়নি।’
রাষ্ট্রপক্ষের সূত্রগুলো জানায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষে কাদের মোল্লার মামলা পরিচালনা করেন মোহাম্মদ আলী। রায়ে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা না হওয়ায় তখন মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষের দুর্বলতা আলোচনায় উঠে আসে। এরপর ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ সাতটি মামলায় তিনি আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেছেন। পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যুক্তি উপস্থাপন করায় তিনি ট্রাইব্যুনালের কাছেও প্রশংসিত হয়েছেন। কিন্তু এবার নিজামীর মামলায় তাঁর যুক্তি উপস্থাপন নিয়ে অনিশ্চয়তা থাকায় রাষ্ট্রপক্ষের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে তুরিন আফরোজ বলেন, ‘গতবারের মতো এবারও নিজামীর সুপিরিয়র রেসপনসিবিলিটি (উর্ধ্বতন কর্তৃত্বের দায়) ও আইনগত বিষয়ে যুক্তি দিতে হবে কি না, তা আমাকে বলা হয়নি। তবে দায়িত্ব দিলে আমি অবশ্যই তা পালন করব।’