ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এ কোন চেহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পর পর দুই দিন রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) ‘অনভিপ্রেত’ ঘটনার জন্ম দিল। গত বুধবার রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলির ‘অস্বাভাবিক’ আরজিতে বিস্মিত হয়েছিলেন তাঁর সহকর্মীরা। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কার্যক্রমে রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিতই ছিলেন না।
গতকাল বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। কার্যতালিকায় ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি। এইচআরডব্লিউর পক্ষে আইনজীবী আনিসুল হাসান, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বেশ কয়েকজন সাংবাদিক এজলাসে উপস্থিত। কিন্তু ছিলেন না রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি।
এ অবস্থায় আইনজীবী আনিসুল হাসান আগামী জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত শুনানি মুলতবি করার আবেদন জানান। ট্রাইব্যুনাল ৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনাল মুলতবি আবেদনের একটি অনুলিপি রাষ্ট্রপক্ষকে সরবরাহের নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম দাবি করেন, ‘এইচআরডব্লিউর শুনানির এই তারিখ পূর্বনির্ধারিত নয়।’ তিনি আরও বলেন, ‘আর যেহেতু এটা ছিল আদালত অবমাননার অভিযোগে বিবাদীপক্ষের জবাব দেওয়ার বিষয়। নিয়মিত মামলার বিচারের ক্ষেত্রে এ ঘটনা ঘটেনি, তাই এটা কোনো সমস্যা নয়।’
তবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, শুনানির তারিখ পূর্বনির্ধারিত ছিল। তাৎক্ষণিকভাবে কখনো দিনের কার্যতালিকা তৈরি হয় না।
এর আগে বুধবার সকালে নবনিযুক্ত বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে প্রথম দিনের মতো ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। কার্যতালিকায় ছিল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলা। গত ১৩ নভেম্বর এই মামলাটির কার্যক্রম শেষ হয়। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) ছিল।
রায়ের জন্য দিন ধার্য করতে রাষ্ট্রপক্ষের স্বাভাবিক আরজির বদলে কৌঁসুলি মোহাম্মদ আলী মামলাটিতে নতুন করে যুক্তি উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণের আরজি জানান। এতে এজলাসে উপস্থিত রাষ্ট্রপক্ষের অন্য কয়েকজন কৌঁসুলি বিস্ময় প্রকাশ করেন। এক কৌঁসুলি তাঁর এক সহকর্মীকে ফিসফিস করে বলেন, এটা কী হচ্ছে? তিনি তো আসামিপক্ষের আইনজীবীর মতো কাজ করছেন!
যেহেতু রাষ্ট্রপক্ষই নতুন করে যুক্তি উপস্থাপনের আরজি জানিয়েছে, ফলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামকে আর কিছুই করতে হয়নি। তিনি শুধু বলেন, যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুতি নিতে তাঁদের এক সপ্তাহ সময় প্রয়োজন। ট্রাইব্যুনাল নতুন করে যুক্তি উপস্থাপনের জন্য ১০ মার্চ দিন ধার্য করেন।
এ ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের একাধিক কৌঁসুলি প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তির যে বিধান রয়েছে, মোহাম্মদ আলীর আরজি সেই বিধানের সঙ্গে অসংগতিপূর্ণ। এটা অনভিপ্রেতও। ক্ষুব্ধ এক কৌঁসুলি বলেন, ‘মোহাম্মদ আলী রাষ্ট্রপক্ষের, না আসামিপক্ষের আইনজীবী, তা বোঝা গেল না।’
মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি সেদিন বলতে চেয়েছি, ট্রাইব্যুনাল আইনে পুনঃশুনানির কোনো বিধান নেই। কিন্তু যেহেতু ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বিচারপতি ইনায়েতুর রহিম সদ্য যোগদান করেছেন এবং তিনি এই মামলার সমাপনী যুক্তিতর্ক শোনেননি, এ জন্য তিনি চাইলে আবার যুক্তি শুনতে পারেন। আমি এসব কথা ইংরেজিতে বলেছি বলে হয়তো কেউ বোঝেনি, নয়তো বুঝেও আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করছে।’
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘যে প্রসিকিউটর (কৌঁসুলি) আসামিপক্ষের আইনজীবীদের মতো আরজি জানান, প্রসিকিউশনে তাঁর কোনো প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘বিচারের একেবারে শুরু থেকেই আমরা দক্ষ, যোগ্য ও সৎ আইনজীবীদের নিয়ে প্রসিকিউশন গঠন করার কথা বলেছিলাম। কিন্তু সরকার ও প্রশাসন আজ পর্যন্ত আমাদের কথায় কর্ণপাত করেনি। বিচার নিয়ে সরকারের এই গাফিলতি দেশের মানুষ ক্ষমা করবে না।’