আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মধ্যে এক-দুইটা নয়, অনেকগুলো ‘গ্রুপ’ (পক্ষ)। তবে কৌঁসুলিদের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে তিনি আগামীকাল সভা ডেকেছেন। শিগগিরই এগুলো দূর হবে বলে তিনি আশা করছেন।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। ল রিপোর্টার্স ফোরাম গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দ্বন্দ্ব নিরসনে কী পদক্ষেপ নিয়েছেন—এমন এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মধ্যে এক-দুইটা গ্রুপ হলে হতো, আমি দেখলাম, সেখানে অনেকগুলো গ্রুপ। আমি ভেবেছিলাম, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি তারা নিজেরাই সমাধান করুক, আমার হস্তক্ষেপ ছাড়া। কিন্তু তা না হওয়ায় আমি গত বৃহস্পতিবার সবাইকে নিয়ে সভা ডেকেছিলাম। কিন্তু ওই দিন ট্রাইব্যুনালে নিজামীর (জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী) বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ছিল। তাই ওই সভা বাতিল করা হয়। নতুন করে ২৫ মার্চ (মঙ্গলবার) সভা ডাকা হয়েছে। ওই দিন আমি সবার কথা শুনব, তারপর পদক্ষেপ নেব। আমি চাই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ সুষ্ঠুভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে চলুক।’
মিট দ্য প্রেসে জানতে চাওয়া হয়, সম্প্রতি একজন আইনজীবী সাংবাদিকদের সম্পর্কে বলেছেন, সাংবাদিকেরা টাকা নিয়ে লেখেন। আইনমন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতায় এমন ঘটনা আছে কি না? জবাবে আনিসুল হক বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি এটা বিশ্বাস করি না এবং এমন কোনো নমুনা আমার কাছে নেই।’
এ সময় এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালত অবমাননার অভিযোগে আইনে দণ্ডের বিষয়টি সুনির্দিষ্ট না থাকলে বিচারক কাউকে দণ্ড দিতে পারেন না। তবে তিরস্কার করতে পারেন। আইনমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আদালত অবমাননা আইনটি অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগে দণ্ড দেওয়া হচ্ছে। আইন ছাড়া এই দণ্ডদান কতটুকু সঠিক হয়েছে?
এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কোনো আইন নেই বলছেন, কথাটা কিন্তু এখন ঠিক নয়। যে আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন, তার আগে একটা আইন ছিল, যেটা পাকিস্তান আমলের আইন। এখন সেই আইনকে ২০১৩ সালের আইন দ্বারা রিপিল (বাতিল) করা হয়েছে। ২০১৩ সালের আইনটিকে হাইকোর্ট বাতিল করায় ওই আইনটা (১৯২৬ সালের আইন) এসে গেল। ওই আইনটা অনুসরণ করেই এখন সাজা দেওয়া হচ্ছে বা আদালত বিচার করছেন। যার ভুক্তভোগী মিজানুর রহমান খান।’
আনিসুল হক এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমার মনে হয় কোনো আইনে যদি সুনির্দিষ্ট দণ্ডাদেশ না থাকে তাহলে কেউই সেখানে দণ্ডাদেশ দিতে পারে না। তার কারণটা হচ্ছে, আসামিকে জানতে হবে বা যে অপরাধ করবে সেই অপরাধীকে জানতে হবে, এই অপরাধ করলে পরে ন্যূনতম কী সাজা হতে পারে, সর্বোচ্চ কী সাজা হতে পারে। সেটি যখন কোথাও নাই, তখন দণ্ড দেওয়ার আগেও সেটা আদালত হোক, আর যেই হোক, তখন রুলস বানিয়ে ও জানিয়ে তারপরে শাস্তি দিতে হবে। এটাই আইনের শাসন। আর যদি সে রকম কিছু না থাকে, তাহলে আদালতকে বলতে হবে এখানে কোনো দণ্ড বা শাস্তি নেই। কিন্তু আদালত এটা খুব ভালো চোখে দেখছেন না। আদালত আপনাকে তিরস্কার করল এই জন্য। এই পর্যন্ত যেতে পারে। এর চেয়ে বেশি বলতে পারে না।’
জামায়াত নিষিদ্ধ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির পর দলটি নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়টি আদালতের ঘাড়ে চাপানো হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। আদালতে বিষয়টা ইতিমধ্যে আছে। এ জন্য আমরা এখন কোনো পদক্ষেপ নিচ্ছি না।’
অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্রে গৃহকর্মীর মামলা হয়রানিমূলক হলে বিচারের মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশি কূটনীতিককে রক্ষা করা হবে। তিনি বলেন, ‘আমি গতকাল (শনিবার) ব্যাপারটা জেনেছি। আমরা প্রথমে এ ঘটনার সব তথ্য জানার চেষ্টা করব। অভিযোগ মিথ্যা এবং মামলা হয়রানিমূলক হলে আমরা অবশ্যই আমাদের কূটনীতিককে রক্ষা করব।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার একান্ত ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, ঘটনাটি যদি সত্য হয়, তাহলে আমাদের কূটনীতিককে আমরা ফিরিয়ে এনে তাঁর বিচারের ব্যবস্থা করব।’
যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘এখানে আমি প্রতিবন্ধকতার কথাটা বলি। যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর বেশির ভাগ দেশ, বিশেষত ইউরোপ মৃত্যুদণ্ডকে সাজা হিসেবে মেনে নিতে রাজি নয়। আমাদের ওপর তাদের যথেষ্ট চাপ আছে যেন মৃত্যুদণ্ড আমরা তুলে দিই। তবে আমি পরিষ্কারভাবে বলেছি, যুদ্ধাপরাধী-মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে এই দণ্ডের বিষয়ে আপসের সুযোগ নেই।
বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি তাদের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছি। তাদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, সেসব দেশ জঙ্গিবাদকে স্পনসর করে। যেমন—পাকিস্তান ও লিবিয়া। তাই তাদের খুঁজে বের করে আনা সহজ নয়।’
মিট দ্য প্রেস সঞ্চালনা করেন ল রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ।