একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এক ট্রাইব্যুনাল থেকে মামলা আরেক ট্রাইব্যুনালে স্থানান্তরের বিধান হচ্ছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের প্রস্তাব গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে। এ আইন সংশোধনের ফলে এক ট্রাইব্যুনাল থেকে মামলা আরেক ট্রাইব্যুনালে স্থানান্তর করা যাবে। গত ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনীতে ট্রাইব্যুনালের নিজ উদ্যোগে বা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির সুপারিশে মামলা স্থানান্তরের বিধান রাখা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে তুরস্কের সঙ্গে শুল্কসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। মোশাররাফ হোসাইন জানান, এ চুক্তি হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধ, শুল্ক গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং শুল্ক বিভাগ পর্যায়ে সহযোগিতা বাড়বে। ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে।এ ছাড়া তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বিশেষ পাসপোর্ট চালুর একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ চুক্তি হলে তুরস্ক ও বাংলাদেশের কূটনীতিক, সরকারি ও বিশেষ পাসপোর্টধারীদের আসা-যাওয়ায় ভিসা লাগবে না।