ট্রাইব্যুনালে হাজিরা দিলেন সাংবাদিক মাহফুজউল্লাহ
আদালত অবমাননার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজিরা দিয়েছেন সাংবাদিক মাহফুজউল্লাহ। ২৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল সকালে হাজির হন মাহফুজউল্লাহ। তাঁর আইনজীবী রুমিন ফারহানা তাঁর মক্কেলের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ সময় মাহফুজউল্লাহ বসতে গেলে ট্রাইব্যুনাল বলেন, কার্যক্রম চলা অবস্থায় নিয়ম অনুসারে তাঁকে দাঁড়িয়ে থাকতে হবে। অবমাননার অভিযোগের এই কার্যক্রম প্রায় পাঁচ মিনিট চলে। পরে ট্রাইব্যুনাল বলেন, ২৪ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হবে। ওই দিন এ আবেদন নিষ্পত্তি করা হবে।
এই ট্রাইব্যুনাল ২৬ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোর, ওই চ্যানেলে প্রচারিত ‘মুক্তবাক’ নামের টক শোর সঞ্চালক মাহমুদুর রহমান মান্না, ওই টক শোর ১৮ সেপ্টেম্বর প্রচারিত পর্বের দুই আলোচক গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেন।
মোবারকের পক্ষে সাক্ষ্য গ্রহণ ৩ ডিসেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য ৩ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।