ট্রাইব্যুনালেই ১২ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষীরা হাজির না হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে একটি খুনের মামলা ফেরত যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বারবার সমন ও পরোয়ানা জারি করেও মামলার দুই পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করা যায়নি। অথচ ২০ বছর ধরে এ মামলাটির বিচার ঝুলে আছে।
ঘটনাটি ১৯৯৪ সালের। গুলি করে খুন করা হয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে। আসামি শিবির ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন। ঘটনার নয় বছর পর ২০০৩ সালে মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলার কার্যক্রম ১১ বছর বন্ধ থাকে।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্থগিতাদেশ প্রত্যাহারের পর মামলার বিচারকাজ আবার চালু হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান রয়েছে। জমির হত্যা মামলায় ইতিমধ্যে পার হয়েছে ১২৩ কার্যদিবস। এর মধ্যে হরতালে বারের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম আদালতের কার্যক্রমে আইনজীবীরা অংশ না নেওয়ায় ২৭টি কার্যদিবসে এ মামলার কোনো শুনানি হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, আর ১২ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা না গেলে তা আগের আদালতে ফেরত যাবে। তিনি জানান, সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য দুই পুলিশ কর্মকর্তাকে ২০ বার সমন দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। কিন্তু সমন ও পরোয়ানা জারির পরও আদালতে ওই দুজনের বিষয়ে কোনো প্রতিবেদন সংশ্লিষ্ট থানা থেকে আসেনি।
এ মামলায় ২১ সাক্ষীর মধ্যে মাত্র সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এঁদের মধ্যে তিনজন সাক্ষীকে বৈরী ঘোষণা করেন আদালত।
সাক্ষ্য দিতে হাজির না হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সাবেক সহকারী পুলিশ কমিশনার এ কে এম জসিম উদ্দিন ভুঁইয়া। তিনি ২০০৪ সালে অবসরে যান। অন্যজন হলেন সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ হাওলাদার। গত জানুয়ারি মাসে অবসরে যান তিনি।
১৯৯৪ সালের ২০ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক জমিরউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এর দুদিন পর তাঁর বড় ভাই আজিজ উদ্দিন পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন ভুঁইয়া নাছিরসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। এ মামলাটি প্রথমে তদন্ত করেন আবদুস সামাদ হাওলাদার।
এ কে এম জসিম উদ্দিন ভুঁইয়া এখন রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় থাকেন। মুঠোফোনে গত শুক্রবার কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘নাছিরের মামলায় সাক্ষ্য দিতে আমি কোনো সমন পাইনি। সপ্তাহ খানেক ধরে আমাকে সাক্ষ্য দিতে কোর্ট থেকে (সরকারি কৌঁসুলি, পুলিশ, বেঞ্চ সহকারী) ফোন করা হচ্ছে। হরতাল-অবরোধে জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধ বয়সে কীভাবে চট্টগ্রাম যাব। পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর যাব।’
একই কথা জানালেন আবদুস সামাদ হাওলাদারও। তিনি বর্তমানে পিরোজপুরের ভান্ডারিয়ায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তিনিও সমন পাননি বলে জানান।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য ছাড়া সাক্ষী সমাপ্ত করা যাবে না। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে অপরাধও প্রমাণ করা যাবে না। এ কারণে মামলা নিষ্পত্তিতে দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ জরুরি।
পুলিশ জানিয়েছে, শিবির ক্যাডার নাছির ’৯৮ সাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, জমির হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীদের ঠিকানায় সমন ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলেও তাঁরা হাজির হচ্ছেন না।
২০ বছরেও ভাই হত্যার বিচার না পেয়ে মামলার বাদী আজিজ উদ্দিন বলেন, মামলাটি আগের কোর্টে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর বছরের পর বছর চলে যাবে। হয়তো আর ভাই হত্যার বিচার পাব না।