মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করতে হবে। ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত অধ্যায় শেষ করতে হবে।সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত জাতীয় কনভেনশনে এ দাবি জানানো হয়েছে। ‘দাবি বিশ্বমানবতার, যুদ্ধাপরাধীর হোক বিচার’ স্লোগান নিয়ে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের মাঠে দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হয়।সকালে কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ পরিচালনা করছেন। কিন্তু বিচার দীর্ঘায়িত করতে জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে লবিস্ট নিয়োগ করেছে। তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাইব্যুনালকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ইঙ্গিত করে মিজানুর রহমান বলেন, ‘পৃথিবীর অন্যান্য ট্রাইব্যুনালের তুলনায় এখানে অভিযুক্ত ব্যক্তিদের অনেক বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালে একজন অভিযুক্ত সাত দফা দাবি উত্থাপন করেছেন। ন্যুরেমবার্গ, টোকিও, কম্বোডিয়া, যুগোশ্লাভিয়াসহ অন্য কোনো ট্রাইব্যুনালে কেউ কি এভাবে দাবি উত্থাপন করতে পেরেছেন? ওই অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালের আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর এই সাহস হয় কী করে?’প্রথম অধিবেশনে একাত্তরে যুক্তরাজ্যের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পাকিস্তান ব্যুরো প্রধান আর্নল্ড স্ট্যানলি জেটলিন এবং যুক্তরাষ্ট্রের নাগরিক স্যালি উইলোবিকে সম্মাননা প্রদান করা হয়। জেটলিন প্রথম বিদেশি সাংবাদিক, যিনি একাত্তরের ২৫ মার্চ রাতে বাংলাদেশের নির্মম গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রতিবেদক। আর উইলোবি যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পাকিস্তানি জাহাজে অস্ত্র তোলা বন্ধের জন্য শ্রমিকদের সংগঠিত করেছিলেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকেও এ সময় সম্মাননা দেওয়া হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হলেও এর গতি সন্তোষজনক নয়। যে দ্রুততার সঙ্গে বিচার হবে বলে আশা করা হয়েছিল, সে গতি দেখা যাচ্ছে না। তিনি বলেন, যত দিন দেশে একজন মানবতাবিরোধী বেঁচে থাকবেন, তত দিন সেক্টর কমান্ডারস ফোরাম আন্দোলন চালিয়ে যাবে।প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ প্রমুখ। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।দেশের ৬১টি জেলা থেকে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর প্রায় সাড়ে ৭০০ প্রতিনিধি কনভেনশনে অংশ নেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন অঞ্চলের কমান্ড কাউন্সিলের নেতা-কর্মী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুপুরের পর অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী বলেন, বাহাত্তরের সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে দেওয়া হয়েছে। সেটা ফিরিয়ে আনা না গেলে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এটা জরুরি।দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে সেক্টর কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ৭৩টি ট্রাইব্যুনাল কার্যকর ছিল। কিন্তু এখন ট্রাইব্যুনাল করা হয়েছে মাত্র একটি। বিচারের গতি অতি ধীরে চলছে। এই অধিবেশনে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, ইসলামী গবেষণা পরিষদের সভাপতি ফরিদউদ্দিন মাসুদ, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, শাহীন রেজা নূর, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী এবং আয়োজক সংগঠনের বিভাগীয় ও জেলা প্রতিনিধিরা।কনভেনশনে ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে এ কে খন্দকার ও সাধারণ সম্পাদক পদে হারুন-অর-রশিদ পুনর্নির্বাচিত হয়েছেন।