রাজধানীতে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘাটতি থাকলে তা দূর করতে হবে। কিন্তু ট্রাইব্যুনালকে নিয়ে এমন কোনো মন্তব্য করা ঠিক হবে না, যা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।‘যুদ্ধাপরাধের বিচার ও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা: ব্লগার ও সচেতন প্রজন্মের চোখে’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে স্বপ্নের স্বদেশ নামের একটি সংগঠন। বিকেলে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সভা হয়।প্রধান অতিথি নাট্যনির্দেশক ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, দালাল আইন আর আন্তর্জাতিক অপরাধ আইন এক নয়। ১৯৭৩ সালের আইন থাকায় এখন মানবতাবিরোধী অপরাধের বিচার করা সম্ভব হচ্ছে। তরুণ প্রজন্মের কাজ হচ্ছে চলমান বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করা।ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের সংখ্যা, লোকবল বাড়াতে হবে। প্রায় এক হাজার ৭০০-এরও বেশি যুদ্ধাপরাধীর তালিকা দেওয়া হয়েছে। আশা করি, পর্যায়ক্রমে সবার বিচার হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ৪০ বছর পার হলেও সমস্যা নেই। মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ হয়েছে, তা এক হাজার বছরেও তামাদি হবে না।ব্লগার আরিফ জেবতিক বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর অনেক মানুষের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের চিনে রাখতে হবে।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আইয়ুব হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক সৈকত হাবিব।