ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার বাদ জুমা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি বলেন, বিচারপতি আনোয়ারুল হক ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। ৫ জুলাই সিঙ্গাপুর ক্যানসার হাসপাতাল থেকে দেশে আনার পর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
বিচারপতি আনোয়ারুল হক ১৯৫৬ সালের ১ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালের ১৫ নভেম্বর তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালের ১ ডিসেম্বর তিনি মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯৯৭ সালের ১৩ জুলাই জেলা ও দায়রা জজ হিসেবে তিনি পদোন্নতি পান। ২০১০ সালের ১২ ডিসেম্বর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (চলতি দায়িত্ব) সচিব হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ২৫ মার্চ বিচারপতি আনোয়ারুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে ২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়।