আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজেকে বিচারকাজ থেকে বিরত না রাখার কারণ আগামী ২৩ নভেম্বর ব্যাখ্যা করবেন।মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে করা একটি আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল গতকাল রোববার এ কথা জানান। এদিন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ করে আগামী ৭ ডিসেম্বর ধার্য করা হয়। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সাক্ষ্য গ্রহণের পূর্ববর্তী উদ্বোধনী বক্তব্য পাঠ শুরু করেছেন।গতকাল সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ধার্য দিন থাকায় সকালে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।ট্রাইব্যুনালের চেয়ারম্যান যেসব কারণে বিচারকাজ অব্যাহত রেখেছেন, সেসবের কারণ জানতে চেয়ে ১৬ নভেম্বর সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম একটি আবেদন করেছিলেন। শুরুতেই ওই আবেদনের ওপর শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ১৪ নভেম্বর দেওয়া ট্রাইব্যুনালের আদেশের একাংশ উল্লেখ করেন।প্রায় একই ধরনের যুক্তি উপস্থাপন করে সাঈদীর পক্ষে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। পরে আইনজীবী তাজুল ইসলাম আসামিপক্ষের পর্যাপ্ত প্রস্তুতির জন্য আরও তিন মাস সময় চান। তিনি এই সময় পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানান। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। উদ্বোধনী বক্তব্য: বেলা দুইটার দিকে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু ও কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান ৮৮ পৃষ্ঠার উদ্বোধনী বক্তব্য পাঠ শুরু করেন। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়। অভিযুক্ত সাঈদীর অপরাধের বিভিন্ন বর্ণনাও তুলে ধরা হয়। বিকেল চারটার দিকে ৬১ পৃষ্ঠা পর্যন্ত পড়া হলে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। আজ সোমবার উদ্বোধনী বক্তব্যের বাকি অংশ পাঠ করা হবে।