বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে আট দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নয়নকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে রাজধানীর আজিমপুর থেকে মো. ফারুককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় করা মামলার অপর আসামি সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান এখনো পলাতক।
গতকাল শনিবার সকালে নয়ন ও ফারুককে ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর মামলার রায় ঘোষণার পর তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, ওই রায়ের অনুলিপি আগের রাতে একটি ওয়েবসাইটে পেয়েছেন তাঁরা। এ ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
ডিবি জানায়, তদন্তের সময় ট্রাইব্যুনালে মাস্টাররোলে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর চাকরি পাওয়া নয়ন স্বীকার করেন, তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কক্ষের কম্পিউটার থেকে রায়ের খসড়া পেনড্রাইভে নিয়ে তা সাকার আইনজীবীর সহকারী মেহেদী হাসানকে সরবরাহ করেছেন। এই মেহেদীর সঙ্গে তাঁর পরিচয় করে দিয়েছেন ফারুক। রায়ের এ খসড়া দেশের বাইরে পাঠান মেহেদী। বিদেশ থেকে তা ইন্টারনেটে আপলোড করা হয়।
রিমান্ডের আবেদন নিয়ে দুই আসামিকে আদালতে পাঠানোর পর গতকাল দুপুরে নিজ কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সন্দেহভাজন জড়িত এক আইনজীবীর সহকারী এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া কম্পিউটার থেকে রায়ের খসড়া নেওয়ার সঙ্গে কারা জড়িত, কারা তা আপলোড করেছেন, এর মাধ্যমে কারা লাভবান হয়েছেন প্রভৃতি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
মনিরুল বলেন, তিন দিনে নয়ন ওই রায়ের খসড়া কম্পিউটার থেকে পেনড্রাইভে নিয়েছেন। এক দিন তিনি ওই আইজীবীর সহকারীর হাতে পেনড্রাইভটি দিয়েছিলেন। পরে দুই দিন তিনি সহকারীর কক্ষে গিয়ে তাঁর ব্যবহূত কম্পিউটারে তা দিয়ে এসেছিলেন।
সাকার আইনজীবীর কার্যালয় থেকে জব্দ করা সিপিইউ-সিডিসহ বিভিন্ন সরঞ্জাম থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না জানতে চাইলে মনিরুল বলেন, ‘নয়নের শনাক্ত অনুযায়ী আইনজীবীর সহকারীর কক্ষ থেকে ওইসব সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি।’
আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছেন কি না, জানতে চাইলে মনিরুল বলেন, ‘আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তবে নয়ন জানতেন না যে তিনি পেনড্রাইভে যে তথ্য নিয়ে এসেছেন, তা একটি মামলার রায়। যখন আইনজীবীর সহকারীকে তা দেওয়া হলো এবং ওই সহকারী কম্পিউটার তা দেখছিলেন, তখন নয়ন বুঝতে পারেন তা একটি মামলার রায়। পরে তিনি বেঁকে বসলেও তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি ও অর্থের প্রলোভন দেখানো হয়।
ফাঁস হওয়া খসড়া রায়ে দোষী সাব্যস্তকরণ ও সাজাসংক্রান্ত অংশ না থাকার কারণ সম্বন্ধে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ১৬৫ পৃষ্ঠার খসড়া রায়ের অনুলিপি সোমবারের আগে ফাঁস হয়েছে। খসড়া রায়ে রায় ঘোষণার তারিখ নেই, অনুচ্ছেদ নম্বর চিহ্নিত করা নেই, এ ছাড়া কয়েক স্থানে বাক্য অসম্পূর্ণ থাকায় ডট চিহ্ন দিয়ে আলাদা করে রাখা হয়েছে। সোমবার বিচারিক কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর এজলাসে ঘোষণা দেন, মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। এরপরই মূলত ১৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সর্বশেষে দোষী সাব্যস্তকরণ ও সাজাদানসংক্রান্ত অংশটুকু (শেষ ৭ পৃষ্ঠা) লেখা হয় এবং অনুচ্ছেদ নম্বর চূড়ান্ত করে রায় ঘোষণার দিন লেখা হয়। অর্থাৎ রোববারের পর ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়সংশ্লিষ্ট আর কিছু বাইরে যায়নি।
‘কম্পিউটারটিতে রায় কে টাইপ করেছেন?’ প্রশ্ন করলে মনিরুল বলেন, ‘একজন অনুমোদিত কর্মচারী। যে কক্ষে কম্পিউটারে রায় লেখা হয়, সেখানে নয়নের অবাধ যাতায়াত ছিল।’ মনিরুল আরও বলেন, ‘রায়ের খসড়া ফাঁসের বিষয়ে অনুমোদিত কর্মচারীদের গাফিলতি আমরা পেয়েছি। তবে এ গাফিলতি কতটুকু অপরাধ-সংশ্লিষ্ট তা খতিয়ে দেখা হবে।’
তবে ট্রাইব্যুনালসংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের কক্ষের তিনটি কম্পিউটারের মধ্যে একটি সুনির্দিষ্ট কম্পিউটারে রায় লেখার কাজ করা হতো। ওই কম্পিউটারে কোনো ইন্টারনেট সংযোগ ছিল না। ফলে পোর্টেবল কোনো ডিভাইস ছাড়া সেখান থেকে তথ্য পাচার করার কোনো সুযোগ নেই।
কীভাবে দ্রুত সময়ের মধ্যে সাকা চৌধুরীর স্ত্রী রায়ের খসড়া পেলেন—এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না প্রশ্ন করলে মনিরুল বলেন, ‘রায়ের খসড়া ফাঁস ও তা আপলোড করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে আমরা তদন্ত চালাচ্ছি। এরপর রায়ের খসড়া কে কীভাবে পেয়েছে, সে ব্যাপারে তদন্ত হবে। তখন তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।’
এ ব্যাপারে জানতে ফরহাত কাদের চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।