ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ। গতকাল সোমবার সকালে তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁস ও এ ঘটনায় ট্রাইব্যুনালের দুই কর্মচারী গ্রেপ্তারের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে খসড়া ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাইব্যুনালের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
নাসিরউদ্দীন মাহমুদ বলেন, ‘ট্রাইব্যুনালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শেষে গুরুত্বপূর্ণ কক্ষের চাবি এখন আমরা নিজেরাই সংরক্ষণ করছি। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের জীবনবৃত্তান্ত খতিয়ে দেখে সংরক্ষণ করা হচ্ছে। ট্রাইব্যুনালের ভেতরে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।
গত মঙ্গলবার সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার রায়ের দিন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, রায়ের কপি তাঁরা আগের দিনই একটি ওয়েবসাইটে পেয়েছেন। এ ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বুধবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হয়ে থাকতে পারে বলে জানান তিনি। শুক্রবার এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করে আট দিনের রিমান্ডে নেয়। ডিবি তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।