ট্রাইব্যুনালের প্রসিকিউশন পুনর্গঠনের সম্ভাবনা সব সময়ই থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষের আইনজীবী) পুনর্গঠন করার সম্ভাবনা সব সময়ই থাকে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত মধ্যস্থতা দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর প্রসিকিউশন পুনর্গঠনের সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সব সময়ই থাকে।’
প্রসিকিউশনের অন্তর্কোন্দলের কারণে সামগ্রিকভাবে বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারের ব্যাপারে এটার কোনো প্রভাব পড়ছে বলে বিশ্বাস হয় না। কারণ, বিচারকেরা সুষ্ঠু বিচার করে যাচ্ছেন। আদালতে যখন মামলা উপস্থাপনের প্রয়োজন হচ্ছে, দেখেছি আদালতে দুই গ্রুপ ঠিকমতো মামলা পরিচালনা করছেন। তার পরও আমি বলব, তাঁদের মধ্যে অন্তর্কোন্দল দরকার নাই, প্রয়োজন নাই। আমরা চাই না। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সমাধান করার।’
চিফ প্রসিকিউটর দেশে ফেরার পরও কাজে যোগদান করতে সুযোগ দেওয়া হচ্ছে না, এমন জিজ্ঞাসার জবাবে আনিসুল হক বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে আমি উনাদের আবারও ডাকব। আমার এই জিনিসটা পছন্দনীয় নয়, তাঁদের মধ্যে কোন্দল থাকুক, দেশবাসীও তা চায় না। এটা সমাধান করার জন্য যত ধরনের চেষ্টা দরকার, আমি করে যাব।’

আইনমন্ত্রী বলেন, চিফ প্রসিকিউটর ফিরেছেন। তিনি (আইনমন্ত্রী) তাঁর ছুটি মঞ্জুর করেছিলেন। তবে তিনি যে সুস্থ হয়ে ফিরেছেন এমন কোনো চিঠি তিনি এখনো দেননি বলে আইনমন্ত্রী জানান।