ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্নকারীরা কূপমণ্ডূক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা দিনের পর দিন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন। আসামিরা আপিল-রিভিউয়ের সুযোগ পাচ্ছেন। এত স্বচ্ছভাবে বিচারপ্রক্রিয়া চলার পরও এ বিচার নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা ‘কূপমণ্ডূক’।

আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দিনব্যাপী বিজয় উৎসব কর্মসূচির উদ্বোধন করতে এসে মাহবুবে আলম এ কথা বলেন। তিনি দাবি করেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচার হচ্ছে, পৃথিবীর আর কোথাও এত স্বচ্ছভাবে বিচার হয়নি।

‘যুদ্ধাপরীধের শাস্তি হচ্ছে ধার্য, গণহত্যাকারী সংগঠনের বিচার অনিবার্য’ স্লোগানে শুরু হওয়া বিজয় উৎসবের উদ্বোধনী দিনের বক্তব্যে মাহবুবে আলম দাবি করেন, এই বিচারকাজ বন্ধ করতে আসামিপক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে। সাক্ষীদের প্রলোভন দেখিয়েছে, বিদেশে টাকা খরচ করেছে। কিন্তু কোনো কাজ হয়নি।
টাকার বিনিময়ে অনেকে যুদ্ধাপরাধীদের পক্ষে দালালি করেছেন—এমনটা দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচারকাজ শেষ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয় সংগীতে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী, কৌঁসুলি, তদন্তকারী কর্মকর্তা এবং জোটের নেতারা উপস্থিত ছিলেন। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, ব্যক্তির শাস্তির পাশাপাশি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোরও বিচার করতে হবে। কারণ, সংগঠনের নির্দেশেই এটি হয়েছে। জামায়াত নিষিদ্ধের পাশাপাশি যুদ্ধাপরাধী সব সংগঠনের বিচারের দাবি জানান তিনি।

ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান বলেন, ১৯৭১ সালে যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন তাঁদের বেশির ভাগেরই হতদরিদ্র অবস্থা। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী খোঁজার জন্য সারা দেশ ঘুরেছি। তাঁদের চেহারা-পোশাকই বলে দেয় তাঁদের কতটা দুরবস্থা! রাষ্ট্রের উচিত এই বীরদের ভরণপোষণের ব্যবস্থা করা।
ট্রাইব্যুনালের এই তদন্ত কর্মকর্তা বলেন, ‘১৯৭১ সালে অনেক সরকারি কর্মচারী, পুলিশ, আইনজীবী, ডাক্তার ছিলেন। তাঁরা কেউ সাক্ষী হননি। সাক্ষ্য দিতে এসেছেন হতদরিদ্র মুক্তিযোদ্ধারা। এই সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা শিরু বাঙ্গালি বলেন, ‘আমি গরিব মানুষ। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আমি যেন সাক্ষী না দিই সে জন্য আমাকে কোটি টাকার লোভ দেখানো হয়েছে। কিন্তু আমি সাক্ষী দিয়েছি। ১৯৭১ সালে সাকা চৌধুরীকে হত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এবার ট্রাইবুনালে সাক্ষী দিয়ে তাঁর ফাঁসি নিশ্চিত করতে পেরেছি—এটাই আমার বিজয়।’

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’
রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি জিয়াদ আল–মালুম বলেন, তরুণ প্রজন্ম আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে। এই বিচারকাজ শেষ হবেই।

জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘শত্রুদের কাছ থেকে পালিয়ে আমরা রণাঙ্গণে যুদ্ধ করেছি। কিন্তু বীরাঙ্গনারা রক্ষা পায়নি। কাজেই আমি তাদের আহত মুক্তিযোদ্ধা বলার জন্য রাষ্ট্রকে প্রস্তাব দিচ্ছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, জোটের যুগ্ম আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ ও হাসান আরিফ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ঘোষণাপত্র পড়েন। মফিদুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার সাক্ষ্যপ্রমাণ ’৭১–এর গণহত্যা আবার তুলে ধরেছে। এই গণহত্যার যোগসাজশসকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও তাদের প্রতিষ্ঠিত ঘাতক দল আলবদর, আলশামস বাহিনীর মুখোশ উন্মোচন করেছে। কাজেই নাৎসি পার্টির মতো এই সংগঠনগুলোরও বিচার করতে হবে।