ট্রাইব্যুনালের বিচার বন্ধ করার দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ করার দাবি করেছে জামায়াতে ইসলামী। নইলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ টি এম আজহারুল এই দাবি করেন।‘মিথ্যা অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বিচারের নামে প্রহসন শুরুর’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে দলটি।এ টি এম আজহার দলের নেতা-কর্মীদের যেকোনো মূল্যে রাজপথে নামার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিনা দোষে সরকার জামায়াতের নেতাদের কাঠগড়ায় দাঁড় করাতে চায়। নেতাদের এই অবস্থায় আমাদের জীবনের আর কী মূল্য?’ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে এ টি এম আজহার দাবি করেন, ‘মনমোহন সিংয়ের সফর যত ঘনিয়ে আসছে, সরকার ইসলামী শক্তির ওপর ততই খড়্গহস্ত হচ্ছে। তড়িঘড়ি করে বিচার শুরু করে জামায়াতের নেতাদের শাস্তি দিয়ে প্রভুদের মনোরঞ্জন করতে চাইছে।’ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম মাছুম বলেন, গত ৪০ বছরে সাঈদীর বিরুদ্ধে কেউ এক লাইন অভিযোগ দিতে পারেনি। আজ তাঁর বিরুদ্ধে সাড়ে চার হাজার পৃষ্ঠার মিথ্যা অভিযোগের দপ্তর খোলা হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী বলেন, একাত্তরের পর থেকে যতগুলো গল্প লেখা হয়েছে, সাঈদীর অভিযোগপত্রে সব তুলে দেওয়া হয়েছে।জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।