ট্রাইব্যুনালের বিচারকদের প্রশংসায় স্টিফেন র্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টিফেন জে র্যা প l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টিফেন জে র্যা প l ছবি: প্রথম আলো

নানা রকম হুমকি, ভয়ভীতি ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে বিচারকাজ চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের প্রশংসা করেছেন যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ।
গতকাল সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ও রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের কাছে এ প্রশংসা করেন। মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি গতকাল সকালে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
পঞ্চমবারের মতো ঢাকা সফরের প্রথম দিনে স্টিফেন র‌্যাপ গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যান।
দুপুরে ট্রাইব্যুনালের বিচারপতিদের ও রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে র‌্যাপ সাংবাদিকদের বলেন, ‘আমি ট্রাইব্যুনালের বিচারকদের সম্মান জানাই। কারণ, দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা হুমকির সম্মুখীন হয়েছেন অথবা তাঁদের
বাড়িতে হামলা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে বিচারকদের চাপ, রাজনীতি বা হুমকি উপেক্ষা করে কাজ করতে হবে এবং তাঁরা সেটা করে যাচ্ছেন।’
স্টিফেন র‌্যাপ আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য তার বিচার হওয়া খুব গুরুত্বপূর্ণ। এ জন্য এই বিচার হতে হবে এবং ভালোভাবে হতে হবে। এই বিচারের বিষয়ে মার্কিন সরকারের জোরালো সমর্থন রয়েছে।’
প্রসঙ্গত, গত চারবারের ঢাকা সফরের সময় প্রতিবারই মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের ব্যাপারে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন স্টিফেন র‌্যাপ। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পদ্ধতিগত ত্রুটির বিষয়গুলোও খোলামেলাভাবে জানিয়েছেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক আইন অনুসরণ না করা, ’৭৩-এর আইন সংশোধন না করা, সাক্ষী হাজিরের ক্ষেত্রে উভয় পক্ষের সমান সুযোগ না থাকা এবং মামলা প্রমাণের দায়িত্ব কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ রয়েছে।