ট্রাইব্যুনালের বিধি সংশোধনে আবার জোর দিলেন র‌্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর কিছু বিধি সংশোধনের ওপর আবার গুরুত্ব দিলেন যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ। গত ২১ মার্চ তিনি সরকারের কাছে পাঠানো চিঠিতে এ ব্যাপারে কিছু সুপারিশ তুলে ধরেছেন। গতকাল মঙ্গলবার আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্টিফেন জে র‌্যাপ এ তথ্য জানান। মার্কিন বিশেষ দূত বাংলাদেশের এ বিচার-প্রক্রিয়ায় অপরাধীর পক্ষে ও বিপক্ষে যাঁরা সাক্ষ্য দেবেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। র‌্যাপ বলেন, ‘চিঠিতে যেসব সুপারিশ করেছি, তাতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটি নিয়েই এখন তাঁরা ভাবছেন।’ওই সুপারিশে কী আছে জানতে চাইলে মার্কিন বিশেষ দূত বলেন, অভিযোগ গঠনের আগে অভিযুক্ত ব্যক্তির আটক রাখার প্রক্রিয়া, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া ও সাধারণভাবে পাওয়া তথ্য খতিয়ে দেখার বিষয়ে কিছু সুপারিশ করেন তিনি। র‌্যাপ বলেন, ‘৪০ বছর আগে ঘটে যাওয়া অপরাধের বিচার করাটা দুরূহই বটে। কারণ যুদ্ধক্ষেত্রে ওই অপরাধের ঘটনাগুলো ঘটেনি। কাজেই ব্যক্তিকে এ ধরনের অপরাধে যুক্ত করা কিছুটা জটিল।’ র‌্যাপ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেলের সদস্যরা যেভাবে কাজ এগিয়ে নিচ্ছেন, তা বেশ প্রশংসনীয়। র‌্যাপের মতে, যে আইনের আওতায় বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে কিছু সংশোধনী আনার মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে বিচার সম্পন্ন হলে অন্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ। আর আইনের এ সংশোধন ট্রাইব্যুনালের বিচারকেরাই করতে পারেন। এ জন্য আইনটি পার্লামেন্টে সংশোধনের প্রয়োজন নেই বলে তিনি মত দেন। যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত বলেন, ‘আইনের সংশোধনী আনা হলে, ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত বিচারক, তদন্ত কর্মকর্তা ও আইনজীবী প্যানেলের সদস্যদের প্রশিক্ষণের জন্য মার্কিন কংগ্রেসে আলোচনা শুরু করব। এই বিচার আন্তর্জাতিকভাবে অনুকরণীয় করতে হলে এ ধরনের সহযোগিতা প্রয়োজন।’ সাক্ষীদের নিরাপত্তার বিষয়টিতে কেন জোর দিচ্ছেন জানতে চাইলে র‌্যাপ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দেবেন, তাঁদের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে যাঁরা বলবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। কারণ সাক্ষীরা বিচার-প্রক্রিয়ায় অংশ নিলে কোনো নিরাপত্তা-ঝুঁকিতে পড়বেন না—এটা নিশ্চিত করাটা জরুরি। প্রয়োজনে এসব সাক্ষীর জন্য নিরাপদ স্থানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে হবে। অভিযোগ গঠনের আগেই যুদ্ধাপরাধের অভিযোগে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে আটক আছেন। এ বিষয়ে তাঁর মত কী জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ গঠন ও বিচার-প্রক্রিয়া শুরুর আগে অভিযুক্ত ব্যক্তিদের আটক রাখার নজির রয়েছে। এমনকি অনানুষ্ঠানিক অভিযোগেও কাউকে আটক রাখা যেতে পারে। কাজেই এ বিষয়গুলোতে যেমন সুস্পষ্ট বিধান থাকা উচিত, তেমনি অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়টি নিয়মিতভাবে পর্যালোচনার বিধান থাকা উচিত।