ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: মিজানুর রহমান
মুক্তিযুদ্ধের সময় মানবতবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটা
চক্রান্ত চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার, ১৯৭৩ সালের আন্তর্জাতিক
অপরাধ (আদালত) আইন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভায় মিজানুর রহমান এ দাবি করেন।
গোলাম আযমের বিচার-প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির সমালোচনা করে
মিজানুর রহমান বলেন, ‘বলা হচ্ছে, গোলাম আযমের বিচার-প্রক্রিয়া স্বচ্ছ নয়, সেখানে অনেক ঘাটতি আছে। আন্তর্জাতিক
আইন মানা হয়নি। বাহ, হিউম্যান রাইটস ওয়াচ! আমরা প্রথম থেকেই বলেছি, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত চলছে। তারা কখনোই এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি।’
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম।