ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হচ্ছে। এই বিচারের বিরুদ্ধে যাঁরা বক্তব্য দিয়েছেন, তাদের মনোযন্ত্রণার অনেক কারণ থাকতে পারে। বিচার হবে, এ ক্ষেত্রে জনগণ কোনোভাবেই ছাড় দেবে না। সেই সত্যের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ আজ শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (আদালত) আইন এবং বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় মিজানুর রহমান এ কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর এ আলোচনা সভার আয়োজন করে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর ভিতর থেকে উত্সারিত সত্যের প্রতিফলন ঘটেছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। আইনটি যখন করা হলো, তখন বিশ্বে কোনো দেশ, আন্তর্জাতিক সংস্থা কস্মিনকালে কল্পনাও করতে পারেনি একটি দেশে আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হতে পারে, সেজন্য আইন হতে পারে এবং সেটা সম্ভব হতে পারে। ১৯৭৩ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আইন করা সম্ভব, ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব। এখন আমরা দেখছি বিচার করাও সম্ভব।’
মিজানুর রহমান বলেন, ‘বলা হচ্ছে গোলাম আযমের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ নয়, সেখানে অনেক ঘাটতি আছে। আন্তর্জাতিক আইন মানা হয়নি। বাহ, হিউম্যান রাইটস ওয়াচ! আমরা প্রথম থেকেই বলেছি, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত চলছে। তাঁরা কখনোই এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি। কারণ, যে দৃষ্টান্ত মার্কিন যুক্তরাষ্ট্র স্থাপন করতে পারেনি, বাংলাদেশ সমগ্র বিশ্বকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো, কীভাবে আমরা পারি এবং করতে পারি। এজন্য তাদের গাত্রদাহ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘...বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড নতুন করে নির্ধারণ করে দিচ্ছে। আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বয়স কখনো বিবেচনায় আনা হয়নি। অতিবৃদ্ধ, নানা অসুখে জর্জরিত তাঁর (গোলাম আযম) প্রতি মৃত্যুদণ্ড প্রদান না করে সহনশীল হওয়া সেটিও আমাদের ট্রাইব্যুনাল করেছে। এটি হচ্ছে নতুন আন্তর্জাতিক মানদণ্ডের অংশবিশেষ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘১৯৭৩ সালে সাধারণ কমিশন ও দালাল আইন বাতিল কোনোটাই কিন্তু জাতীয় সংসদের মাধ্যমে করা হয়নি। এ থেকে পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।’ তিনি বলেন, ‘সাধারণ কমিশনে এ-ও বলা হয়েছিল, তদন্তে কিংবা পরে অপরাধ প্রমাণিত হলে যে কাউকে গ্রেপ্তার করা যাবে। দালাল ও যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া হয়েছিল সরকারের ইচ্ছায়, জনগণের ইচ্ছায় নয়। তাই তাঁদের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব সরকারের।’
বিচারপ্রক্রিয়ার উদ্যোগে বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে দেলোয়ার বলেন, ‘আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন হবে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি রবিউল হুসাইন বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যসহ ২৬ জনকে হত্যা করা হয়। এমন জঘন্যতম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেনি।’ তিনি বলেন, ‘মানুষ সম্মানজনকভাবে বাঁচতে চাইলে স্বাধীন দেশ লাগে, বঙ্গবন্ধু এটা দিয়ে গেছেন। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে ১২১টি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন। দিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। আমরা তাঁর কাছ থেকে শিক্ষা নিতে পারি সামনে এগিয়ে যাওয়ার জন্য।’
জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক আশরাফুল আলম বক্তব্য দেন।