ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে রেষারেষি চলছেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে আবারও সহকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ তাঁর সম্মানহানি করতে অপর কৌঁসুলি মোহাম্মদ আলী অনবরত অপেশাদারি আচরণ করছেন বলে অভিযোগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলির কাছে লিখিত অভিযোগে তুরিন আফরোজ দাবি করেন, গত বুধবার বেলা সোয়া দুইটার সময় প্রধান কৌঁসুলির কার্যালয়ের পক্ষে মোহাম্মদ আলী একটি সংবাদ সম্মেলন করেন। ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলীর অনুমতি নিয়ে ওই সংবাদ সম্মেলন করা হচ্ছে বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলির অনুমতি না নিয়েই ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য প্রধান কৌঁসুলির কার্যালয়ের বরাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে, যা অনৈতিক।
তুরিন আফরোজ আরও দাবি করেন, ওই সংবাদ সম্মেলনে সহকর্মী মোহাম্মদ আলী তাঁর সম্পর্কে মিথ্যা অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মোহাম্মদ আলীর আইনগত বক্তব্য শুনে এজলাসে উপস্থিত তুরিন আফরোজ বিস্ময় প্রকাশ করেন এবং এজলাসের ভেতরে উপস্থিত সাংবাদিকদের কাছে ওই আইনগত বক্তব্যের ভুল ও বিকৃত ব্যাখ্যা করেন। অথচ আদালত চলাকালে এজলাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলা যায় না। এ ছাড়া মোহাম্মদ আলীর আইনগত বক্তব্যের ব্যাখ্যা দিয়ে কোনো সাংবাদিকের সঙ্গেই ওই দিন তিনি (তুরিন আফরোজ) কথা বলেননি। প্রয়োজনে এ বক্তব্য এজলাসে সংরক্ষিত ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও রেকর্ডিং দেখে যাচাই করা সম্ভব।
তুরিন আফরোজের লিখিত অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী অনবরত তাঁর সম্মান নষ্টের জন্য অপেশাদারি আচরণ করছেন। এর আগেও মোহাম্মদ আলী তাঁকে নিয়ে গণমাধ্যমে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়েছেন। গত ৩ মার্চ এ নিয়ে তিনি প্রধান কৌঁসুলির কাছে লিখিত অভিযোগ করেন। প্রধান কৌঁসুলি ওই অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠান। তার পরও মোহাম্মদ আলী বারবার অপেশাদার আচরণের মাধ্যমে তাঁর একজন নারী সহকর্মীকে শুধু হেয়প্রতিপন্ন করতে চাচ্ছেন না, বরং হয়রানিও করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলিকে অনুরোধ জানান।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘তুরিন আফরোজ প্রসিকিউশনে ঢোকার পর থেকেই গোলমাল শুরু করেছেন। প্রসিকিউশন নিয়ে সব বিতর্ক ওনার সৃষ্টি করা।’ অপেশাদারি আচরণ বা হয়রানির সব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলির অনুমতি নিয়েই ওই সংবাদ সম্মেলন করা হয়।