ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার দশম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বুধবার যুক্তি উপস্থাপন শুরু হতে পারে।
গতকাল শুনানিতে কামারুজ্জামানের আইনজীবী মো. নজরুল ইসলাম ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ করেন। কামারুজ্জামানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
পরে মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের রায় পড়া শেষ করেছে আসামিপক্ষ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। রাষ্ট্রপক্ষ আপিল করেনি। আপিলের ওপর গত ৫ জুন শুনানি শুরু হয়।