মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে একটি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১।
গতকাল রোববার ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী এবং ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব এক বিবৃতি দিয়ে এই দাবি জানান। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি নয়, একাধিক ট্রাইব্যুনাল সক্রিয় রাখা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ‘ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রাজনৈতিক দৃঢ়তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের মনে রাখা উচিত হবে যে যুদ্ধাপরাধের কয়েক শ মামলা এখনো তদন্তাধীন অবস্থায় আছে। কাজেই কেবল একটি ট্রাইব্যুনাল রাখার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাই।’ বিজ্ঞপ্তি।