ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত
সেতুর ওপরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও অটোরিকশা দুটিই রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এতে তিনজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল-বর্ণি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার জমির উদ্দিন (৩৫) ও ছাতক উপজেলার চাতিবহর এলাকার ফয়জুল ইসলাম (৩৪)। নিহত অন্যজনের পরিচয় মেলেনি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী অটোরিকশাটি বেলা তিনটার দিকে ওই সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে সেতুতে উঠতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেতুর রেলিং ভেঙে ট্রাক ও অটোরিকশা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। দুর্ঘটনায় আহত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মনসুর আলী (৪০) ও অটোরিকশার চালক সিলেট নগরের চৌকিদেখি এলাকার জাফর আহমদকে (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, মামলার প্রস্তুতি চলছে। বেপরোয়া গতিতে সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।