ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার টেক নগপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে বালুভর্তি একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন।নিহত দুজন হলেন: অটোরিকশার চালক গাজীপুর সদর উপজেলার দক্ষিণ শালনা এলাকার আবদুল খালেকের ছেলে নূরুল ইসলাম (৪০) ও যাত্রী একই উপজেলার কাথোরা এলাকার বাসিন্দা মজিদ পাটোয়ারীর ছেলে আবদুর রাজ্জাক পাটোয়ারী (৪৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার দক্ষিণ শালনা এলাকার আবদুর রাজ্জাক সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মেয়ে সুমাইয়ার চিকিৎসার জন্য একটি অটোরিকশা নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সদর উপজেলার টেক নগপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতগামী বালুভর্তি একটি ট্রাক দ্রুতবেগে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের সামনের দুটি চাকা খুলে যায়। এ সময় অটোরিকশার চালকসহ নূরুল ইসলাম ও আবদুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অটোরিকশার যাত্রী নিহত আবদুর রাজ্জাকের স্ত্রী কুলসুমা বেগম (৩২), মেয়ে সুমি আক্তার (১০) ও সুমাইয়া (আট মাস) এবং কুলসুমার বড় ভাই আবদুল আজিজ মিয়া (৫৫) গুরুতর আহত হন। হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।