ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ছাতক-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে একটি শিশু গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ছাতকের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা একটি শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, নিহতদের লাশ ছাতক থানায় রাখা হয়েছে। তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।