ট্রাক-আলমসাধু সংঘর্ষে নিহত ২
চুয়াডাঙ্গার সদর উপজেলার সুবদিয়ায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর চালকসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার আড়িয়াডাঙ্গা গ্রামের খায়রুল আলম ( ৬৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের আজিজুল সর্দ্দারের ছেলে আলমসাধু চালক মো. শফিউদ্দিন সর্দার (৩৫)। আহত হয়েছেন নিহত খায়রুল আলমের স্ত্রী আলিয়া খাতুন (৫৫)। খায়রুল আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
আলিয়া খাতুনের ভাষ্য, চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর পাড়ার বাড়ি থেকে তাঁরা স্বামী-স্ত্রী আলমসাধুতে চড়ে ঝিনাইদহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। আলমসাধুটি সুবদিয়া কাঁচারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুকে জোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলমসাধুর চালক নিহত হন এবং তাঁরা আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান খায়রুল।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণপদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।