ট্রাক উদ্ধার করতে গিয়ে ক্রেন উল্টে চারজন নিহত
উল্টে পড়া ট্রাক উদ্ধার করতে যাওয়া ক্রেন উল্টে চারজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে পূর্ব জুরাইনে সেতু মার্কেটের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে ট্রাকটি উদ্ধারে একটি ক্রেন (রেকার) আসে। ট্রাকের সঙ্গে ক্রেনের মোটা ধাতব তার লাগিয়ে টান দেওয়ামাত্রই তার ছিঁড়ে যায়, ক্রেনটি উল্টে পড়ে সেখানে ভিড় করা উৎসুক মানুষের ওপর। এতে ঘটনাস্থলেই তিনজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মো. তারেক (৭) নামের এক শিশু মারা যায়।শ্যামপুর থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এঁদের দুজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন: মিজানুর রহমান (৩৫) ও জয়নাল মিয়া (৩৭)। নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও সবুজ ডোরাকাটা ফুলশার্ট।তারেকের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী আবুল বাশার বলেন, তিনি সেতু মার্কেটের সামনে ফুটপাতে ব্যবসা করেন। তার ছেলে তারেক তাঁর দোকানে এসেছিল। ট্রাকটি উল্টে গেলে সে কৌতূহলী হয়ে দেখতে গিয়েছিল। হঠাৎ ক্রেনটি উল্টে পড়ে। তারেক স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ বলেন, ভারী ট্রাকটি উদ্ধার করতে গিয়ে ক্রেনটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন ও পরে হাসপাতালে এক শিশু মারা গেছে।