ট্রাক উল্টে ও ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত
সিরাজগঞ্জে আলুবোঝাই একটি ট্রাক উল্টে চারজন এবং নাটোরে ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে আলুবোঝাই ট্রাকটি উল্টে চালকের সহকারীসহ ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: বগুড়া জেলার সোনাতলা উপজেলার জিনেরপাড়া গ্রামের আনিসুরের ছেলে ট্রাকের সহকারী মিঠু মিয়া (১৮), যাত্রী বগুড়ার ধুনটের মানিক পোটল গ্রামের জাহিদুল ইসলাম (২৬), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মল্লিকপাড়া গ্রামের মাসুদ (২০) ও একই এলাকার বিপ্লব হোসেন (২০)।হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. খায়রুজ্জামান জানান, রায়গঞ্জ উপজেলার দাতিয়া দিঘরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলুবোঝাই ট্রাকটি ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে ১০০ ফুট নিচে পড়ে যায়। এ সময় চালকের সহকারী ও যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনার পর চালক পালিয়ে যান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।গতকাল ভোরে নাটোরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। ভোর ছয়টার দিকে নাটোর শহরের একতার মোড়ে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক জোহা হোসেন (৩২) ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে। পুলিশ এসে চালককে থানায় নিয়ে যায়। বনপাড়া মহাসড়ক পুলিশের ওসি দ্বীন ই আলম জানান, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে লাশবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে অন্য একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে লাশবাহী মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়। তাদের বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।