ট্রাক উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টিলার মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে চালকসহ দুই ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার রাত নয়টার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা ট্রাকের চালক সাজিদ মিয়া (৩৫) ও শ্রমিক হারুন মিয়া (৪০)। আহত ব্যক্তি হলেন: একই গ্রামের আলমগীর হোসেন (২০)।

স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মনতৈল এলাকার একটি টিলা থেকে কাটা মাটিবোঝাই করে ট্রাকটি ভূঁয়াই বাজারের দিকে যাচ্ছিল। বাজারে প্রবেশের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে হারুন ও আলমগীরকে টেনে বের করেন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হারুন মারা যান। রাত ১০টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যন্ত্র দিয়ে গাড়ির দরজা কেটে সাজিদের লাশ বের করে আনেন। অবস্থার অবনতি ঘটায় আলমগীরকে কুলাউড়া থেকে সিলেটে পাঠানো হয়।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা বলেন, মনতৈল এলাকা থেকে টিলার মাটি নিয়ে ট্রাকটি ভূঁয়াই বাজার যাচ্ছিল বলে তাঁরা জেনেছেন।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম দুর্ঘটনায় দুই ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।