ট্রাক উল্টে পথচারী ও চাকায় চাদর পেঁচিয়ে গৃহবধূ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার একটি ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। এ সময় তাদের হামলায় এক উপপরিদর্শক আহত হন। ফুলছড়িতে অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ নিহত হন।
গোবিন্দগঞ্জে নিহত পথচারীর নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি উপজেলার মাস্তা গ্রামের গোলাম আসাদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল তিনটার দিকে ধানবোঝাই একটি ট্রাক ফাঁসিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী শফিকুল ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে এলাকাবাসী তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গোবিন্দগঞ্জ থানার এসআই দীনেশ চন্দ্র আহত হন। তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ শফিকুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় স্বামী সুভাষ চন্দ্রের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ মুক্তি রানী (৩০)। হঠাৎ অটোরিকশার চাকার সঙ্গে চাদর পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকায়। তাঁদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার রূপারবাজার গ্রামে। অটোরিকশাটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অটোরিকশাটি দক্ষিণ বুড়াইল এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চাকার সঙ্গে চাদর পেঁচিয়ে যায়। একপর্যায়ে মুক্তি রানী চলন্ত অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়েন। কিন্তু চাদরটি গলায় পেঁচিয়ে থাকায় তাঁর গলা কেটে যায়। অটোরিকশার অন্যান্য যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করেন। তাঁরা ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। সুভাষ চন্দ্র বলেন, ‘আমরা পরিবারের সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আমার স্ত্রী অটোরিকশার বাঁ পাশে বসেছিল। এ সময় তাঁর গায়ের চাদর চাকার সঙ্গে পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে।’