ট্রাক উল্টে পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকটির হেলপার। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাশারচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই পথচারীর নাম মো. কোরবান আলী (৬৫)। তিনি উপজেলার বাশারচালা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। আর আহত হেলপারের নাম জাফর আলী (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাশারচালা গ্রামের বাঁশ ব্যবসায়ী আকবর আলী বাঁশ কিনে বাশারচালা বাজারের পাশে জমা করে রাখেন। দুপুরে ওই ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৮৬২৭৭) বাঁশগুলো উঠিয়ে ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছিল। বাশারচালা উচ্চবিদ্যালয়ের মাঠে বাঁশ বোঝাই ট্রাকটি ঘোরানোর সময় উল্টে যায়। এতে বাজার করে বাড়ি ফেরার সময় কোরবান আলী ট্রাক চাপায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বাজারের লোকজন বাঁশগুলো সরিয়ে কোরবান আলীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এ সময় আহত ট্রাকের হেলপার জাফর আলীকে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাকটির চালক।

সাড়াশিয়া-বাশারচালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কদ্দুস পথচারী কোরবান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।