ট্রাক উল্টে প্রাণ গেল সাতজন শ্রমিকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় টিনভর্তি ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন সাতজন শ্রমিক। গত রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শী ও হতাহতদের সহযাত্রী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের গয়েশ্বরপুর গ্রামের মতিনূর রহমান (৩০) বলেন, চট্টগ্রামের বড় দরগাবাজার এলাকা থেকে রোববার রাত নয়টায় ১১ জন শ্রমিক নিজ বাড়িতে যাওয়ার জন্য মোট ৭০০ টাকা ভাড়ায় রংপুরগামী টিনভর্তি একটি ট্রাকে ওঠেন। ট্রাকটি কুমিল্লার ধনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কের মধ্যে উল্টে যায়। টিনের চাপায় ঘটনাস্থলেই মারা যান গোবিন্দগঞ্জ উপজেলার গয়েশ্বরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪২), তাঁর শ্যালক একই গ্রামের ফজলু মিয়া (৩৫), আনোয়ার রহমান (৪৫), খোলাহাটি গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), শাহিন মিয়া (১৮) ও একই উপজেলার আসলাম (৩০)।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে ময়নামতি মহাসড়ক থানায় নেয়। গুরুতর আহত গোবিন্দগঞ্জ এলাকার জাহিদ ওরফে মাজহার (৪০), মো. ফারুক (২২) ও মোস্তাফিজুর রহমানকে (২৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল সাতটায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে জাহিদ মারা যান।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই দিকে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত স্থায়ী হয়। গতকাল সকালে ময়নামতি হাইওয়ে থানার সামনে গিয়ে দেখা গেছে, মিডিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে ছয়টি মরদেহ স্তূপ করে রাখা।
বেঁচে যাওয়া শ্রমিক মতিনূর রহমান বলেন, ‘আমরা চট্টগ্রামে দুই বছর যাবৎ কৃষিশ্রমিকের কাজ করছি। এবার ধান কাটার মৌসুম শুরু হলে মালিক খবর দেন। ধান কাটা শেষে বাড়ি ফিরছিলাম। টাকা কম থাকায় ট্রাকে উঠি। বেশির ভাগ শ্রমিক দুর্ঘটনার সময় ট্রাকে ঘুমিয়ে ছিল। আমি আর আরেকজন অলৌকিকভাবে বেঁচে গেছি। আমাদের হাতে একটু ব্যথা লেগেছে।’
এদিকে আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান প্রশাসনের তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা অনুদান ও আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা দিয়েছেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লার সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া বলেন, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি থানায় আনা হয়েছে।