ট্রাক উল্টে লাকড়ির চাপায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় গতকাল বুধবার বিকেলে লাকড়িবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ সময় লাকড়ির নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার আলমগীর হোসেনের মেয়ে রত্না আক্তার (৪) ও একই এলাকার চান মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৬)। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। দুই শিশুরই বাবারা এলাকায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দক্ষিণ পানিশাইল এলাকায় তোফাজ্জল হোসেন নামের এক ব্যবসায়ীর একটি খাবারের হোটেল আছে। ওই হোটেলে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে এক ট্রাক লাকড়ি নিয়ে আসা হয়। হোটেলের সামনে পার্কিং করতে গিয়ে ট্রাকের এক পাশের সামনের ও পেছনের চাকা গর্তে পড়ে কাত হয়ে যায়। ট্রাকের পাশেই রত্না, আবদুল্লাহ, ব্যবসায়ী তোফাজ্জলসহ বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। ট্রাকটি কাত হয়ে গেলে লাকড়ির নিচে পড়ে যায় তারা। এ সময় কয়েকজন সরে যেতে পারলেও দুই শিশু লাকড়ির নিচে চাপা পড়ে। পরে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল মিয়া বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।