ট্রাক উল্টে সাড়ে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর নামক স্থানে গত রোববার রাত আড়াইটার দিকে বালুবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে যায়। এতে ওই যাত্রাপথে অন্তত সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল সোমবার সকালে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু যানজটের রেশ চলে গতকাল সন্ধ্যা পর্যন্ত। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গে যান চলাচল ব্যাহত হয়।মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে চন্দ্রা, মির্জাপুর উপজেলার গোড়াই থেকে মির্জাপুর এবং পাকুল্যা এলাকা থেকে করটিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট ছোট অসংখ্য গর্তের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে এমনিতেই স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের সোহাগপুর এলাকায় বালুবোঝাই ওই ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ওই পথে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু বিকেল চারটা পর্যন্ত মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট অব্যাহত থাকে। গতকাল সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ছোট ছোট গর্ত মেরামতের জন্য আজ মঙ্গলবার থেকে বিভাগীয়ভাবে কাজ শুরু করা হবে। তবে মহাসড়কের জয়দেবপুর থেকে চন্দ্রা হয়ে করটিয়া পর্যন্ত যে গর্তের সৃষ্টি হয়েছে, তা মেরামতের জন্য জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করা দরকার।