ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অ্যাম্বুলেন্সের চালক (৩৫) ও চালকের সহযোগী (৩০)। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
সড়ক (হাইওয়ে) পুলিশ সূত্র জানায়, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় আজ ভোর পাঁচটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলে মারা যান। অ্যাম্বুলেন্সে এ সময় কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যান। পুলিশ গিয়ে ট্রাকটি আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় সড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. হানিফ মিয়া জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।