বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান লং ভেহিকেল মালিক শ্রমিক ঐক্য পরিষদ সাত দফা দাবিতে ২ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে। এ ছাড়া সংগঠনটি ২৪ জুলাই থেকে বিভিন্ন স্থানে তাদের দাবির সমর্থনে মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঐক্য পরিষদের দক্ষিণ-পূর্বাঞ্চল আঞ্চলিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের দক্ষিণ-পূর্বাঞ্চল কমিটির আহ্বায়ক কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব সালাউদ্দিন খোকা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, মোসলেউদ্দিন শাহ মুসা, আনিসুর রহমান আনিস, আবদুল হক, সদস্য জাকির হোসেন, জাসিম উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঢাকায় ট্রাক প্রবেশের নিয়ম করা হয়েছে। পাঁচ ঘণ্টা সময় ট্রাক চলাচলের জন্য যথেষ্ট নয়। এটা মানা সম্ভব নয়। তাই তাঁরা এই নিয়ম বাতিল করে আগের মতো রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত ঢাকায় ট্রাক প্রবেশের নিয়ম বহাল রাখার দাবি জানান। তাঁরা দাবি করেন, মডেলের তারিখ দেখে নয়, চলাচলের উপযোগী সব ট্রাককে ঢাকায় প্রবেশ করতে দিতে হবে। এ ছাড়া অভিজ্ঞ ট্রাকচালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান, রিকুইজিশনের নামে মালিক-শ্রমিক হয়রানি বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের রাস্তায় যানবাহন আটকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ট্রাক টার্মিনাল নির্মাণসহ সরকারের সঙ্গে অতীতে সম্পাদিত সব চুক্তি বাস্তবায়ন করতে হবে। ২ আগস্টের ধর্মঘটের আগে ২৪ জুলাই পাগলায়, ২৬ জুলাই সায়েদাবাদে, ২৮ জুলাই কাঁচপুরে ও ৩১ জুলাই ঢাকার মুক্তাঙ্গনে মিছিল সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটি নিজ নিজ এলাকায় ধর্মঘটের সমর্থনে কর্মসূচি পালন করবে।