ট্রাক ও পিকআপে পিষ্ট হয়ে পাঁচজন নিহত
নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কে ট্রাক ও পিকআপে পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালকসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। চালক ছাড়া হতাহত ব্যক্তিরা সবাই শ্রমিক বলে জানা গেছে। এদিকে বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন কৃষক আবু তৈয়ব আলী (৫৫)। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা দুটি ঘটে।
লালপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে আসা একটি ট্রাক লালপুর পেট্রলপাম্পের সামনে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে দুর্ঘটনাকবলিত ভ্যানটি দাঁড়িয়ে পড়ে। এর পরপরই পেছনে থাকা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানের ওপর উঠে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। দ্রুত তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানের চালক আমিরুল ইসলাম (৪৫), যাত্রী সর্দার আবু তাহের (৭০), জিল্লুর রহমান (৬৫) ও মখলেছুর রহমানকে (৪০) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভ্যানের অপর যাত্রী জহুরুল ইসলাম (৫২) মারা যান। ভ্যানের চালক আমিরুল ইসলাম দক্ষিণ লালপুরের তরি মণ্ডলের ছেলে। বাকি হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁরা লালপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের শ্রমিক। প্রকল্পের শ্রমিকসর্দার বাবুল হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা সকালে প্রকল্প এলাকায় আসার পথে দুর্ঘটনার শিকার হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, রিকশাভ্যানটিকে চাপা দেওয়া ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। পিকআপ ও ভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের চালক রাব্বি মণ্ডল পালিয়েছেন।
এদিকে আমাদের শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন কৃষক আবু তৈয়ব আলী (৫৫)। গতকাল ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, কৃষক আবু তৈয়ব নছিমনবোঝাই ধান নিয়ে যাচ্ছিলেন। ঘোগা বটতলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে ধানের বস্তার ওপরে বসে থাকা আবু তৈয়ব মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নছিমনচালক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।