ট্রাক ও বাসের চাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় গতকাল রোববার ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। একই দিন নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পৌনে চারটার দিকে রামরাইল এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক সফিউল্লাহর (২৮) মাথা ও পা এবং তাঁর পেছনে বসা জাকারিয়ার (১৫) মাথা ও মুখমণ্ডল থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সফিউল্লাহ মারা যান। জাকারিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সফিউল্লাহ রামরাইল গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। জাকারিয়া একই গ্রামের নাছির মিয়ার ছেলে। নরসিংদী সদর থানার পুলিশ জানায়, কিশোরগঞ্জের বাজিতপুর থেকে গতকাল সকালে মোটরসাইকেলে করে সাবেক পৌর কমিশনার মনির উদ্দিন (৪২) ও জিয়াউল হাসান (৩৭) ঢাকা আসছিলেন। সাহেপ্রতাব এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মনির বাজিতপুর পৌর এলাকার নান্দিনা আলিয়াবাদ মহল্লার সামসুদ্দিন মিয়ার ছেলে। জিয়াউল একই মহল্লার মৃত মোসলেহ উদ্দিন মিয়ার ছেলে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ওই দুজনের লাশ জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।