ট্রাক ও সরঞ্জামসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড়, গাছ ও ধানখেতের মাটি কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান শুরু করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহূত এসকেবেটর, ছয়টি ট্রাক, রাতে মাটি কাটার কাজে ব্যবহূত জেনারেটর এবং ওই পাহাড় থেকে কাটা গাছ (প্রায় ৩৫ সিএফটি) জব্দ করা হয়। এ সময় সমীর চন্দ্র নাথ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. মুনির চৌধুরী জানান, প্রথম আলোয় প্রকাশিত পাহাড় কাটার প্রতিবেদন পড়ে তিনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এখানে (সোনাপাহাড় এলাকায়) যেভাবে পাহাড়, গাছ ও ফসলি জমির মাটি কাটা হচ্ছে, তা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এসব নিধনযজ্ঞ ও নির্বিচারে পাহাড় কাটা বন্ধ করতে হবে।’ সোনাপাহাড় এলাকায় পাহাড় কাটার ফলে বিদ্যুতের টাওয়ারটি চরম ঝুঁকিতে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক সাইফুল আশ্রাব জানান, জব্দ করা ট্রাক ও এসকেবেটরের চাবি মিরসরাই থানায় জমা রাখা হয়েছে। আলামত হিসেবে কাটা গাছগুলো চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বারআউলিয়া গ্রিডের উপব্যবস্থাপক হাসানুল ইসলাম, বন বিভাগের জোরারগঞ্জ বিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, র‌্যাব-৭ (পতেঙ্গা) ও মিরসরাই থানার পুলিশ সদস্যরা।১৪ এপ্রিল প্রথম আলোয় ‘মিরসরাইয়ে পাহাড় কাটায় ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।