ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুজনের
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন দিয়েছে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন অটোরিকশার চালক জিয়াউর রহমান (৩৩) ও যাত্রী জগদীশ কুমার কুণ্ডু (৪৩)। দুর্ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাদলা বন্দরে যাচ্ছিল। অটোরিকশাটি শহরের দ্বিতীয় বাইপাস সড়কের দহপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে মহাসড়কে ছিটকে পড়ে। অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারান চালক জিয়াউর রহমান। স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই অটোরিকশার যাত্রী জগদীশ কুমার কুণ্ডু মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। তাঁদের না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।