ট্রাক কাত হয়ে গাড়ির ওপর, শেষ রক্ষা পেলেন না সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটা। ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রাজ্জাক প্লাজার সামনে পণ্যবোঝাই একটি ট্রাক হঠাত্ কাত হয়ে পাশে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে। এতে চাপা পড়ে দুই শিশুসহ ওই গাড়িতে থাকা চারজন যাত্রী। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করতে পারলেও এক নারী গাড়ির ভেতরে আটকা পড়েন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে সাভারের আশুলিয়া থানার কুড়গাঁও এলাকার গৃহবধূ ছালমা বেগম (৩২) তাঁর ছেলে সাইফুল ইসলাম (৩), মেয়ে সায়মা (সাত মাস) ও জা জুলি বেগমকে (৩৫) নিয়ে কেনাকাটার জন্য ব্যক্তিগত গাড়িতে করে সাভারের রাজ্জাক প্লাজায় যান। কেনাকাটা শেষে বেলা পৌনে তিনটার দিকে তারা গাড়িতে উঠে চালকের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় পাশে থাকা অ্যালুমিনিয়ামের বারবোঝাই ট্রাক কাত হয়ে ওই ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে। এতে গাড়িটি মুচড়ে যায়। গাড়িতে চারজনই আটকা পড়ে। মুহূর্তে তাদের উদ্ধারে ছুটে আসে শত শত মানুষ। অনেক চেষ্টার পর লোকজন দুই শিশুসহ জুলি বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। কিন্তু এ সময় ছালমা বেগমকে উদ্ধার করা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে ট্রাকটি সরানোর চেষ্টা চালায়। গাড়িতে আটকে থাকা ছালমা বেগম তাঁকে উদ্ধারের আকুতি করতে থাকেন। তাঁর চিত্কারে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। দেড় ঘণ্টারও বেশি চেষ্টা করে রেকার দিয়ে ট্রাকটি সড়ানো সম্ভব না হওয়ায় উপস্থিত লোকজন ট্রাক থেকে অ্যালুমিনিয়ামের বারগুলো সরিয়ে ফেলে। বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে ছালমা বেগমকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে পাশের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।