ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত একজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার বড় দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. একরামুল হক (৩৮)। বাড়ি যশোর সদর থানায়। তিনি কাভার্ড ভ্যানের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় গুরতর আহত কাভার্ড ভ্যানটির চালক রঞ্জু হাসান (২৮)। তাঁর বাবার নাম ইউনুস আলী। বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই রাতে ধীরে চলা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাককে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল এসে গুরতর আহত অবস্থায় আটকে পড়া চালককে উদ্ধার করে। আহত চালককে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতের ওই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা বড় দারোগারহাট এলাকায় যাই। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় কাভার্ড ভ্যানটির চালকের সহকারীকে মৃত ও চালককে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’
এ নিয়ে গত ৩৭৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ হাজার ২০১ জন নিহত হলেন। গতকাল সকালে মিরসরাইয়ে আরও একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-লরির সংঘর্ষে ঘটনাস্থলেই লরিচালক ও তাঁর সহকারী নিহত হন।