বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নওগাঁয় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় এক রিকশাচালক ও এক যুবক নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় গতকাল এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শেরপুর উপজেলায় চমরপাথালিয়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের স্ত্রী বেহারোন বেওয়া (৭০), তাঁর মেয়ে সফুরা বেওয়া (৫০) ও শরিফ সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে জেল হোসেন (৪০) নিহত হন। নওগাঁয় নিহত হওয়া দুজন হলেন সদর উপজেলার ইকরতলা গ্রামের ইউনুছ আলীর ছেলে ফিরোজ হোসেন এবং হাঁপানিয়া এলাকার তাছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২০)। নাটোরের বড়াইগ্রামে নিহত হওয়া স্কুলছাত্রের নাম জাহিদুল ইসলাম (১৫)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর (বগুড়া): প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর উপজেলার চমরপাথালিয়া বাজার থেকে শেরপুর শহরে যাওয়ার উদ্দেশে গতকাল বেলা দুইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকায় মহাসড়কের ওপর ওঠে। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী বেহারোন বেওয়া নিহত হন। সফুরা ও শরিফকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর দ্রুত চলে যাওয়ায় যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে নওগাঁ শহরে আসার জন্য ফিরোজ হোসেন সদর উপজেলার ডাক্তারের মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ওই ট্রাককে ধাওয়া করে আটক করতে গিয়ে মহাদেবপুর উপজেলার আখেড়া মোড়ে ট্রাকের চাপায় নিহত হন আবু বক্কর সিদ্দিক। সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা ও মহাদেবপুর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ব্যাপারে নওগাঁ সদর থানা ও মহাদেবপুর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।
নাটোর: গতকাল সকাল সাড়ে ১০টায় জাহিদুল ইসলামসহ (১৫) দুজন মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিল। নাটোর-পাবনা সড়কের বড়াইগ্রাম উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল মারা যায় এবং মোটরসাইকেলের অপর আরোহী তার সহপাঠী মতিউর রহমান গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জাহেদুল বনপাড়া মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে বড়াইগ্রামের দিয়াড়পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।