ট্রাক কেড়ে নিল কলেজছাত্রের জীবন, শুনে মারা গেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে মা অসুস্থ। খবর পেয়ে বাইসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন ছেলে। উদ্দেশ্য, অসুস্থ মায়ের জন্য কিছু ফলমূল কিনে বাড়ি যাবেন। বন্ধু-বান্ধবদের কাছে এমনটাই বলে এসেছিলেন তিনি। কিন্তু জীবিত দেহে মায়ের কাছে ফেরা হলো না তাঁর। পেছন থেকে আসা বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ঠাকুরগাঁও সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক ওরফে সোহাগ (২১)। গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১৮ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে মায়ের কাছে সে খবর পৌঁছাতে বেশি সময় লাগে না। খবরটা শুনে সইতে পারলেন না অসুস্থ মা। চলে গেলেন তিনিও। মা-ছেলের মৃত্যুর সংবাদে শুক্রবার রাত থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের শুখানীপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে জানাজা শেষে মা ও ছেলেকে দাফন করা হয়। ওমর ফারুকের স্মরণে গতকাল রোববার ঠাকুরগাঁও সরকারি কলেজ চত্বরে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ছাত্ররা ঠাকুরগাঁও রোড সড়কের মুন্সিপাড়ার রাস্তায় গতিরোধক নির্মাণের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।ওমর ফারুকের বন্ধু মনসুর আলম জানান, ফারুক মুন্সিরহাট এলাকায় একটি মেসবাড়িতে থেকে পড়ালেখা করতেন। মুঠোফোনে জানতে পারেন, তাঁর মা উম্মে কুলসুম (৪৪) অসুস্থ। খবর পেয়ে ফারুক শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাইসাইকেল নিয়ে বের হন। অসুস্থ মায়ের জন্য কিছু ফল কিনে বাড়ি ফেরার কথা বলেছিলেন সে। পথে মুন্সিরহাট এলাকায় ঠাকুরগাঁও রোড থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যান। সহপাঠীরা জানান, আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে ওমর ফারুক গত নভেম্বর থেকে এলাকায় একটি কোচিং সেন্টার চালু করেছিলেন। সেখানে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াতেন। সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার জানান, উম্মে কুলসুম ছিলেন এই ইউনিয়ন পরিষদের একজন সদস্য। ছেলের মৃত্যুশোক সইতে পারেননি তিনি।