ট্রাক কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় বগুড়া-রংপুর সড়কে গতকাল সকালে বালুবোঝাই ট্রাকের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত মশিউর রহমান আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। সে জয়পুরহাটের কালাই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।এ সময় জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা সড়কে গতিরোধক নির্মাণ, বালুবাহী ট্রাক চলাচল বন্ধ ও সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করার দাবিতে রংপুর সড়ক সোয়া চার ঘণ্টা অবরোধ করে রাখে। জনতা সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ছয়-সাতটি দোকান ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মশিউর রহমান শহরের বৃন্দাবনপাড়া ছাত্রাবাস থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়ার জন্য বের হয়। সকাল সাতটার দিকে সরকারি আযীযুল হক কলেজের সামনে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের ধাক্কায় তার বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এলাকার লোকজন এসে ট্রাকটি আটক করে। কিন্তু তার আগেই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা সড়ক অবরোধ করে।পরে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনাস্থলে যান। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মানার আশ্বাস দিলে সোয়া চার ঘণ্টা পর বেলা সোয়া ১১টায় অবরোধ তুলে নেওয়া হয়।শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি সোয়া চার ঘণ্টা অবরোধ থাকায় শহরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে, এসএসসি পরীক্ষার্থীদের গতকাল মঙ্গলবার এই ভোগান্তির মধ্যেই পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, পরিস্থিতি এখন শান্ত। বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।