ট্রাক কেড়ে নিল তিন স্কুলছাত্রের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ শুক্রবার দ্রুতগামী একটি ট্রাক কেড়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী তিন কিশোরের প্রাণ। হতভাগ্য এ কিশোররা সবাই স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 

এরা হলো- উপজেলার চারালি বাজারের জামাল উদ্দিন, নজরুল ইসলাম ও রাজন মিয়া। প্রত্যেকের বয়স আনুমানিক ১৮ বছর। এদের মধ্যে রাজন নবম শ্রেণিতে এবং নজরুল ও জামাল দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে চারালি বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিন স্কুলছাত্র নালিতাবাড়ী শহরের দিকে যাচ্ছিল। নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনজনই ছিটকে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই জামাল ও নজরুল মারা যায়। স্থানীয় লোকজন রাজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক ও চালকের সহকারী পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।