সিলেট-তামাবিল মহাসড়কে বেপরোয়া গতির ট্রাক এবার কেড়ে নিয়েছে দুই কলেজছাত্রের প্রাণ। দুর্ঘটনায় অপর এক কলেজছাত্র আহত হয়েছেন।নিহত ছাত্ররা হলেন: গোয়াইনঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবদুল আহাদ (২৩) ও আনোয়ার হোসেন (২২)। আহত অপর কলেজছাত্র আশরাফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার রাতে আহাদ, আনোয়ার ও আশরাফুল মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে সিলেট আসছিলেন। রাত আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকার হোটেল হিলভিউয়ের কাছে সিলেট থেকে জৈন্তাপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহাদ ও আনোয়ার মারা যান। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে নিহত দুই ছাত্রের দাফন সম্পন্ন হয়েছে। সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, ট্রাকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি আটক করে মহানগর পুলিশের শাহ পরান থানায় একটি মামলা করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় কলেজছাত্র হতাহতের ঘটনায় গোয়াইনঘাট এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার প্রথম আলোতে ‘গোয়াইনঘাটে দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১২: বেপরোয়া ট্রাকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।স্কুলছাত্রী নিহত: ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-কেন্দুয়া সড়কের কালিয়ান এলাকায় গতকাল শনিবার দুপুরে মোটরসাইকেল চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের মেয়ে তামান্না বেগম (১১) আঠারবাড়ি ইউনিয়নের কালিয়ান গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। খালাবাড়ির সামনে সড়ক পারাপারের সময় আঠারবাড়ি থেকে কেন্দুয়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তামান্না স্থানীয় ধূলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।